বাসস
  ০৫ মে ২০২৬, ২০:০৮

বগুড়ায় বোরো ধান সংগ্রহ শুরু, চলবে ৩১ জুলাই পর্যন্ত

ছবি : বাসস

বগুড়া, ৫ মে ২০২৬ (বাসস): জেলায় আজ অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় সদর এলএসডিতে আয়োজিত বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিয়া সুলতানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন-উর-রশিদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান, সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) আতিকুল ইসলাম ফরিদ, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মামুন ও কোষাধ্যক্ষ শাহাদত হোসেন সহ খাদ্য ও কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

জেলা খাদ্য দপ্তর সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে জেলায় ১৭ হাজার ৭৮১ মেট্রিক টন ধান, ৭২ হাজার ৬০২ মেট্রিক টন সিদ্ধ চাল এবং তিনহাজার ৮১১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত দামে ধান প্রতিকেজি ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকায় সংগ্রহ করা হবে।

পাশাপাশি, ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য কৃষক অ্যাপ ও কৃষি বিভাগের তালিকার মাধ্যমে প্রকৃত কৃষকদের অর্ন্তভুক্ত করা হচ্ছে।