বাসস
  ০৫ মে ২০২৬, ২০:০২

চাঁদপুরে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার, ১ লাখ টাকা জরিমানা

চাঁদপুর, ৫ মে, ২০২৬ (বাসস) : জেলার মতলব উত্তরে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 অবৈধভাবে ৯ হাজার লিটার ডিজেল ও প্লাস্টিক দানা মজুতের অভিযোগে তাকে এই জরিমানা করা হয়। ডিজেল ও প্লাস্টিক দানা জব্দ করা হয়েছে। এসবের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

গতকাল সোমবার দিবাগত রাত ১২টা ৫ মিনিট থেকে রাত ২টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মতলব উত্তর উপজেলার কালিপুর বাজার সংলগ্ন লোকমান ঢালির বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় মতলব উত্তর থানা থেকে এসব তথ্য জানানো হয়। এনএসআই-এর একটি ৫ সদস্যের টিম, মতলব উত্তর থানা পুলিশ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় যৌথভাবে অভিযানে অংশগ্রহণ করে।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযানকালে অবৈধভাবে মজুদ রাখা ৯ হাজার লিটার ডিজেল ও ৯০০ কেজি প্লাস্টিক দানা জব্দ করা হয়। এ অপরাধে লোকমান ঢালীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

স্থানীয়রা জানান, অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরির উদ্দেশে পণ্য মজুদ করে, যা সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে। তবে এ অভিযানের ফলে স্থানীয় বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকা- থেকে বিরত থাকার জন্য অভিযুক্তকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।