বাসস
  ০৫ মে ২০২৬, ১৯:৫৭

চট্টগ্রামে সাড়ে ১৭ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল আইসসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম, ৫ মে, ২০২৬ (বাসস) : নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর জোন। উদ্ধারকৃত মাদকের মূল্য সাড়ে ১৭ লাখ টাকা বলে গোয়েন্দা পুলিশ জানায়। 

মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আফতাব হোসেন বিষয়টি নিশ্চিত করে আজ বলেন, সোমবার রাত ৮টার দিকে পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকার মো. সেলিমের ছেলে মো. সাজ্জাদুল রহমান সাকিব (২৭) এবং একই উপজেলার লেলাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শাহ নগর এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মো. আবু ফয়সাল (২৬)।

পুলিশ জানায়, নগরীর দুই নম্বর গেট এলাকার ফিনলে স্কয়ার ৭ম তলা ক্রিয়েটর্স হাবের ভেতরে দুইজন লোক অবৈধ মাদক ক্রিস্টাল আইস বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুজনকেই গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ১৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইস উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, উদ্ধার ও জব্দকৃত মাদক ফটিকছড়ি উপজেলার এক ওমান প্রবাসী মাদক কারবারি চক্রের মাধ্যমে ওই স্থানে ক্রয়-বিক্রয় করার জন্য তারা অবস্থান করছিলেন।

পুলিশের পরিদর্শক মো. আফতাব হোসেন বলেন, ফটিকছড়ির এক প্রবাসী সরাসরি ওমান থেকে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে দেশে এনে এ সব বিক্রি করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের ধরতে পুলিশ কাজ করছে।