বাসস
  ০৫ মে ২০২৬, ১৮:২৯

মিরসরাইয়ে মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড

চট্টগ্রাম, ৫ মে, ২০২৬ (বাসস): চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের টাকার জন্য মাকে মারধর ও পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মাদকাসক্ত যুবকের নাম ইমাম হোসেন (২৫)। 

মঙ্গলবার মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাতে উপজেলার ৯ নম্বর সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

ইমাম হোসেন ওই গ্রামের মৃত নুরুল আলমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইমাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি নিয়মিত নেশার টাকা জোগাড় করতে তার মা কহিনুর বেগম ও পরিবারের অন্যান্য সদস্যদের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিলেন। 

তার এই অত্যাচারে পরিবারটি দীর্ঘদিন ধরে চরমভাবে অতিষ্ঠ ছিল। 

ঘটনার সত্যতা যাচাই করে সোমবার রাতে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।

তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ইমাম হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।