বাসস
  ০৫ মে ২০২৬, ১৬:৪৯

সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু  

ছবি : বাসস

সাতক্ষীরা, ৫ মে ২০২৬ (বাসস): জেলা প্রশাসনের নির্ধারিত ‘ম্যাংগো ক্যালেন্ডার’ অনুযায়ি আজ উৎসবমুখর পরিবেশে ২০২৬ সালের আম সংগ্রহ ও বাজারজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১০ টায় সদর উপজেলার ফিংড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আম বাগানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন সাতক্ষীরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্তের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবনী সরকারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাইফুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ সহ স্থানীয় আম চাষিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আজ প্রথম দিনেই বাগানগুলো থেকে গোপালভোগ, গোবিন্দভোগ ও গোলাপখাসসহ স্থানীয় জাতের পাকা আম সংগ্রহ শুরু হয়েছে। ইতিমধ্যে এসব আম রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আড়তগুলোতে পাঠানো শুরু হয়েছে।