শিরোনাম

কিশোরগঞ্জ, ৫ মে, ২০২৬ (বাসস) : অতিবৃষ্টি ও উজানের আগাম ঢলে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ ক্যাটাগরিতে কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ৩ মাস মেয়াদী এ সহায়তা দেওয়া হবে।
আজ মঙ্গলবার কিশোরগঞ্জের বিভিন্ন ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।
তিনি বাসস’কে বলেন, জেলার হাওরাঞ্চলের কৃষকরা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে অভ্যস্ত হলেও এবারের অতিবৃষ্টি ও আগাম পানিতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিষয়টি সরকার গুরুত্বসহকারে নজরদারিতে রেখেছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, ক্ষয়ক্ষতির মাত্রা বিবেচনায় কৃষকদের ৩টি শ্রেণিতে ভাগ করে সহায়তা দেওয়া হবে। সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রতি মাসে ৭ হাজার ৫০০ টাকা, মধ্যম ক্ষতিগ্রস্তরা ৫ হাজার টাকা এবং কম ক্ষতিগ্রস্ত কৃষকরা ২ হাজার ৫০০ টাকা করে পাবেন। পাশাপাশি প্রত্যেক কৃষককে মাসে ২০ কেজি করে চাল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সচিব আরও জানান, সঠিক তালিকা প্রণয়নের মাধ্যমে কার্ডের সাহায্যে এই সহায়তা বিতরণ করা হবে। তালিকা প্রস্তুতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর যৌথভাবে কাজ করছে এবং একাধিক ধাপে যাচাই-বাছাই করা হবে, যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তরা সহায়তা পান।
তিনি আরো বলেন, ইতোমধ্যে সুনামগঞ্জ থেকে এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হচ্ছে। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ও ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা, অষ্টগ্রাম উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।