বাসস
  ০৫ মে ২০২৬, ১৬:১০

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জরিমানা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ জীবননগর উপজেলা এলাকার বিভিন্ন ফিলিং স্টেশন, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ৫ মে ২০২৬ (বাসস): জেলার জীবননগর উপজেলায় আজ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রিএজেন্ট ব্যবহার ও সংরক্ষণের দায়ে মনোয়ারা সনো সেন্টার এ্যান্ড নার্সিং হোম নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

আজ মঙ্গলবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জীবননগর পৌর শহরে অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান। 

সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, অভিযানকালে অপারেশন থিয়েটারের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ল্যাবের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ ও ব্যবহার করায় মনোয়ারা সনো সেন্টার এ্যান্ড নার্সিং হোমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদ্যরা উপস্থিত ছিলেন।