বাসস
  ০৫ মে ২০২৬, ১৬:০২

হাম-রুবেলা টিকার সচেতনতা বাড়াতে কুড়িগ্রামে লিফলেট বিতরণ

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মঙ্গলবার কুড়িগ্রামে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ছবি : বাসস

কুড়িগ্রাম, ৫ মে, ২০২৬ (বাসস): দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কুড়িগ্রামে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। 

আজ মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্বর পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির কুড়িগ্রাম ইউনিটের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকেরা। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, কার্যনির্বাহী সদস্য মুকুল মিয়া এবং মো. রফিকুল হায়দারসহ যুব সদস্যরা।

লিফলেট বিতরণকালে সাধারণ মানুষের মধ্যে হাম-রুবেলা রোগের ঝুঁকি, লক্ষণ এবং টিকাদানের গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে শিশুদের সময়মতো টিকা না দিলে তারা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে—এ বিষয়টি গুরুত্ব দিয়ে জানানো হয়।

বক্তারা বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য প্রাণঘাতী হতে পারে। অন্যদিকে রুবেলা গর্ভবতী নারীর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে, যা অনাগত শিশুর মারাত্মক জটিলতার কারণ হতে পারে। তাই নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা গ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

কর্মসূচির শেষদিকে আয়োজকেরা বলেন, সরকারের টিকাদান কর্মসূচিকে সফল করতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতা বাড়লে হাম-রুবেলা নির্মূলে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে।