শিরোনাম

খুলনা, ৫ মে, ২০২৬ (বাসস) : জেলার পাইকগাছায় ফায়ার সার্ভিস স্টেশন ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের জায়গা পরিদর্শন করেছেন খুলনা-৫ আসনের এমপি মাওলানা আবুল কালাম আজাদ।
গতকাল সোমবার উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের লক্ষ্যে সদরের টিটিসি সংলগ্ন পাইকগাছা-কয়রা সড়কের পশ্চিম পাশে শিববাটী মৌজার সম্ভাব্য এক একর আয়তনের জায়গা পরিদর্শন করেন। এরপর তিনি শিববাটী ব্রীজ সংলগ্ন কাটাখালী সড়কের দক্ষিণ পাশে স্মরণখালী মৌজায় ৫শ’ কোটি টাকা ব্যয়ে বিদ্যুতের গ্রীড উপকেন্দ্র নির্মাণের লক্ষ্যে অধিগ্রহণকৃত দুই একর জায়গা পরিদর্শন করেন।
এ সময় এমপি বলেন, প্রায় ১০০ কিলোমিটার দূরত্বের কারণে নির্বাচনী এলাকা পাইকগাছার কয়রায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কোথাও সমস্যা দেখা দিলে পুনরায় সংযোগ স্থাপন বিলম্বিত হয়। গ্রীড উপকেন্দ্র না থাকায় প্রতিনিয়ত এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।
তিনি বলেন, গ্রীড উপকেন্দ্র চালু হলে আগামীতে পাইকগাছার কয়রায় বিদ্যুতের কোন ঘাটতি থাকবে না এবং সরবরাহ স্বাভাবিক হবে। অন্যদিকে কয়রায় মতো পাইকগাছায়ও একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে।
তিনি আরো বলেন, ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে এবং দেশের যেসব উপজেলায় ফায়ার সার্ভিস নেই, এ ধরনের ২৯টি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কাজ শুরু করা হবে বলে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অঞ্জন কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক প্রমুখ।