বাসস
  ০৫ মে ২০২৬, ১৪:৪৬

ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ও তাজা গোলাসহ ১ সন্ত্রাসী আটক

ঢাকা, ০৫ মে ২০২৬ (বাসস): ভোলার ইলিশায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও মাদকসহ এক সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ (মঙ্গলবার) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ভোলার সদর থানার কোরালিয়া খায়েরহাট এলাকায় বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং একাধিক মামলার আসামি মো. জাকির হোসেন ঢাকা থেকে কর্ণফুলী-১৩ লঞ্চ করে আগ্নেয়াস্ত্র ও মাদক নিয়ে ভোলা যাচ্ছে—এমন খবর পায় কোস্ট গার্ড বেইস ভোলা।

পরে সোমবার মধ্যরাতে তারা সদর থানার ইলিশা তুলাতুলি মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। সে সময় ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গোলা ও ৮০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজাসহ সন্ত্রাসী মো. জাকির হোসেনকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সন্ত্রাসী জাকির হোসেন ভোলার সদর থানার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।