বাসস
  ০৪ মে ২০২৬, ২০:২৭

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

সাতক্ষীরা, ৪ মে, ২০২৬, (বাসস): সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা, শাড়ি, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বৈকারী, কাকডাঙ্গা, মাদরা, কুশখালী, ভোমরা ও পদ্মশাখরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার নতুনপাড়া নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার উত্তর ভাদিয়ালী নামক স্থান থেকে ভারতীয় ওষুধ জব্দ করে। কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার কুশাখালী নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার মন্দির নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করে।

এছাড়া, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার শাখরা আশামোড় নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৩৭ লাখ ১৬ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামালগুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।