শিরোনাম

নড়াইল, ৪ মে, ২০২৬ (বাসস) : জেলার কালিয়া উপজেলা থেকে ৩৮ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটক নারীর নাম রুচিয়া বেগম (৫৪)।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রাম থেকে ওই নারীকে আটক করা হয়। আটক রুচিয়া বেগম ওই গ্রামের মৃত তরিকুল সরদারের স্ত্রী।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদ ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল পাখিমারা মধ্যপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের তরিকুল সরদারের বাড়ি থেকে তার স্ত্রী রুচিয়া বেগমকে আটক করে তারা। রুচিয়া বেগমের স্বীকারোক্তি মোতাবেক ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ সময় উপস্থিতি টের পেয়ে রুচিয়া বেগমের সহযোগী একই গ্রামের মৃত লুৎফর সরদারের ছেলে বিপুল সরদার (৩৯) পালিয়ে যান।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, গাঁজাসহ আটক হওয়া ওই নারীরসহ পলাতক বিপুলের বিরুদ্ধে নাড়াগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।