শিরোনাম

শরীয়তপুর, ৪ মে, ২০২৬, (বাসস) : শরীয়তপুরের নড়িয়া উপজেলার তালিকাভুক্ত ৫শ জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় নড়িয়া উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন শরীয়তপুর-২ (নড়িয়া, সখিপুর ও ভেদরগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আহসান হাবিব ও শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাইয়ুম খান।
নড়িয়া উপজেলার তালিকাভুক্ত ৩ হাজার ৭৫৫ জন জেলের মাঝ থেকে প্রাথমিক পর্যায়ে ৫শ নির্বাচিত জেলেকে জনপ্রতি ১০ কেজি আটা, ৮ কেজি মশুর ডাল, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ, ১৬ কেজি আলু ও ১০ কেজি সয়াবিন তেল বিতরণ করা হয়েছে।
মৎস্য অভয়াশ্রমে ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নড়িয়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তররের যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জাটকা রক্ষা ও ইলিশ উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল দুই মাস নড়িয়া উপজেলার মুলফতগঞ্জে ঘাট থেকে শুরেশ্বর ও ভেদরগঞ্জ উপজেলা শুরেশ্বর থেকে মেঘনার মোহনা পর্যন্ত মৎস্য অভয়াশ্রমে মাছ শিকার নিষিদ্ধ থাকায় এ উদ্যোগ হাতে নেয়া হয়েছে।