বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ১৭:৪১

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের জীবনবৃত্তান্ত

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ফাইল ছবি

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : মো. আসাদুজ্জামান ১৯৭১ সালের ৩১ জানুয়ারি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত শেখ মো. ইসরাইল হোসেন এবং মাতা বেগম রোকেয়া।

মো. আসাদুজ্জামানের শিক্ষাজীবনের সূচনা হয় নিজ জেলা ঝিনাইদহে। তিনি যশোর শিক্ষা বোর্ডের অধীনে ১৯৮৭ সালে এসএসসি ও ১৯৮৯ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে কৃতিত্বের সঙ্গে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।

মো. আসাদুজ্জামান ১৯৯৫ সালে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯৬ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯৭ সালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করেন। ২০০৫ সালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ২০২৩ সালে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

কর্মজীবনের শুরুতেই তিনি তৎকালীন আইনজীবী ও পরবর্তীতে বিচারপতি নিজামুল হক নাসিমের সঙ্গে কাজ করেন।

তিনি ১৯৯৮ সালে দেশের প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের জুনিয়র হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের প্রতিষ্ঠিত সৈয়দ ইশতিয়াক আহমেদ এন্ড এসোসিয়েটসের আইন চেম্বারের অংশীদার (পার্টনার) হন। এরপর মেধা, দক্ষতা ও নিরলস পরিশ্রমের কারণে দ্রুত আইন পেশায় সফলতা লাভ করেন তিনি। রিট, ট্যাক্স, কোম্পানি ও দেওয়ানি আইনে বিশেষ পারদর্শিতা অর্জন করেন তিনি।

আইন পেশার পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়াতাবাদী দল বিএনপি’র রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এ ছাড়া তিনি বিএনপি’র তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি মানবাধিকারকর্মী হিসেবে দেশে-বিদেশে গত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অনবদ্য ভূমিকা রাখেন। তিনি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ৮ আগস্ট তিনি বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। এরপর প্রায় এক বছর পাঁচ মাস অত্যন্ত সফলতার সঙ্গে অ্যাটর্নি জেনারেল পদের দায়িত্ব পালন করেন। অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখেন।

মো. আসাদুজ্জামান জাতীয় সংসদের আসন নম্বর ৮১, ঝিনাইদহ-১ (শৈলকুপা) থেকে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৩৮১ ভোট পেয়ে বিপুল ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পান ৫৭ হাজার ৫৫ ভোট।

১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তিনি জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেন। একই দিন তিনি  প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের কেবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ব্যক্তিগত জীবনে মো. আসাদুজ্জামান বিবাহিত এবং দুই কন্যার জনক। তার সহধর্মিণী শিরিন সুলতানা শিক্ষকতা পেশায় নিয়োজিত। জ্যেষ্ঠ কন্যা অঞ্জলি জামান (কথা) ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যয়নরত এবং কনিষ্ঠ কন্যা অধরা জামান বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত।