শিরোনাম

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
আজ এক বাণীতে তিনি বলেন, ‘জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে আমি তাঁকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। এদেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলা এ কে ফজলুল হক এর অবদানের কথা কোনদিনই জাতি ভুলবে না।’
তিনি আরও বলেন, ‘শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কিংবদন্তী হিসেবেও ইতিহাসের পাতায় তাঁর রয়েছে গুরুত্বপূর্ণ স্থান। ঔপনেবেশিক শক্তির অমানবিক, অন্যায় ও চাপিয়ে দেয়া কঠোর শাসনের বিরুদ্ধে সোচ্চার সংগ্রামে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করে ইতিহাসে অবিস্মরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এদেশের কৃষক সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ঋণ সালিশী বোর্ড গঠন তাঁর একটি যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ।
তিনি ছিলেন বহুগুণে গুণান্বিত অসাধারণ প্রতিভার অধিকারী একজন মহান ব্যক্তিত্ব। আমাদের জাতীয় ইতিহাসে তাঁর অবদানের গুরুত্ব অপরিসীম। দেশ এবং জাতির কল্যাণে অবদানের জন্য তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের রূহের মাগফিরাত কামনা করেন।