শিরোনাম

মাগুরা, ২৫ এপ্রিল ২০২৬ (বাসস) : মাগুরায় মাসব্যাপী ‘শিল্প ও বাণিজ্য মেলা’ উদ্বোধন করেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ।
আজ শনিবার বিকেলে শহরের স্টেডিয়াম সংলগ্ন শিশু মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, মাগুরার শিল্প ও বাণিজ্য মেলার ঐতিহ্য দীর্ঘদিনের। এই মেলার মাধ্যমে আমাদের স্থানীয় কৃষক ও কুটির শিল্পীরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের কাছে প্রদর্শনের সুযোগ পাবেন।
তিনি বলেন, মেলা শুধু কেনাবেচার জায়গা নয়, বরং মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এখানে আমাদের কৃষ্টি ও সংস্কৃতিরও বিকাশ ঘটবে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ রক্ষার্থে মেলার স্থান শহরের কেন্দ্রস্থল থেকে কিছুটা সরিয়ে আনা হয়েছে।
মাগুরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ।
এ ছাড়াও মাগুরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ফরিদ হাসান খানসহ চেম্বারের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।