শিরোনাম

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণতন্ত্রের সুরক্ষা ও বিকাশে সংবাদমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য।
আজ শনিবার রাজধানীতে একটি পত্রিকার কার্যালয় পরিদর্শনকালে তিনি আরও বলেন, গণতন্ত্রের সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত, তাই দেশের মানুষ একটি স্বাধীন, নির্ভীক ও দায়িত্বশীল গণমাধ্যম প্রত্যাশা করে।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মন্ত্রী বলেন, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। অতীতে যেভাবে গণমাধ্যম আক্রমণের শিকার হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এমন ঘটনা ঘটুক, তা আমরা কখনোই চাই না।
তিনি বলেন, সরকার এমন একটি পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং কোনো ধরনের ভয়ভীতি বা বাধার সম্মুখীন হতে হবে না।
তিনি আরও বলেন, ‘আমরা চাই, বাংলাদেশ সংবাদমাধ্যমের স্বাধীনতার পথ ধরে এগিয়ে যাক এবং এ ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা দূর হোক’।