বাসস
  ২৪ এপ্রিল ২০২৬, ২০:৩২

আনোয়ারায় খাল খনন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

ছবি : বাসস

চট্টগ্রাম, ২৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নে বাংলাখালী খালের পুনঃখনন কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস- ট্রাফিক) শেখ মো. সেলিম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, বিএডিসি’র চট্টগ্রাম দক্ষিণের সহকারী প্রকৌশলী বেলাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ১৮ এপ্রিল থেকে পরৈকোড়া ইউনিয়নে বাংলাখালী খালের পুনঃখনন কাজ শুরু হয়।