শিরোনাম

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের বন সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে ইউনেস্কোর প্রযুক্তিগত সহায়তা, জ্ঞান বিনিময় এবং বিনিয়োগ সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধি ড. সুসান ভাইজ আজ সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পানি ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, সুন্দরবন সংরক্ষণ কার্যক্রম জোরদারকরণ এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইউনেস্কো প্রতিনিধি ড. সুসান ভাইজ জলবায়ু সহনশীলতা, সবুজ ক্যাম্পাস উদ্যোগ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ শিক্ষা খাতে সহযোগিতা আরও সুসংহত ও সম্প্রসারিত করার আগ্রহ প্রকাশ করেন।
তিনি ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার (এমএবি) এবং ‘ক্লাইমেট স্মার্ট এডুকেশন সিস্টেম ইনিশিয়েটিভ (সিএসইএসআই) এর আওতায় ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়েও আলোচনা করেন। পাশাপাশি তিনি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ়করণ, যৌথ উদ্যোগ সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. রায়হান কাওছার এবং ইউনেস্কো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।