শিরোনাম

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : দেশের সকল উপজেলায় উপজেলা পরিষদ ভবনে ‘পরিদর্শন কক্ষ’ স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
আজ স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন সময়ে দেশের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন উপজেলা পরিষদে আগমন করেন।
উক্ত সময়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কক্ষ না থাকায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসকক্ষ ব্যবহার করতে হয়, ফলে তাদের নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়।
এমতাবস্থায়, উপজেলাসমূহের উন্নয়নমূলক কর্মকা- পরিদর্শনের জন্য উপজেলা পরিষদের পুরাতন কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় উন্নতমানের আসবাবপত্র সজ্জিত একটি ‘পরিদর্শন কক্ষ’ (ওয়াশরুমসহ) নির্ধারণ করতে হবে অথবা নতুন একটি ‘পরিদর্শন কক্ষ’ স্থাপন করতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, নতুন উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের পরিকল্পনায় (ডিপিপি) দ্বিতীয় তলায় পরিদর্শন কার্যক্রম পরিচালনার জন্য একটি নির্ধারিত কক্ষের সংস্থান রাখার নির্দেশ দেওয়া হলো।
উল্লেখ্য, এ সংক্রান্ত ব্যয় উপজেলা প্রশাসনের এডিপি/রাজস্ব অংশ অথবা প্রকল্প অর্থ থেকে নির্বাহ করা হবে।
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সকল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।