বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ১৫:১০

স্বচ্ছ ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতে কর্মকর্তাদের আরও তৎপর হতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন আজ মঙ্গলবার সকালে রাজধানীর সাতরাস্তায় অবস্থিত ভূমি ভবন পরিদর্শন করেন। ছবি: বাসস

ঢাকা, ২১ এপ্রিল ২০২৬, ২০২৬ (বাসস): দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও বেশি তৎপর হতে আহবান জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। 

পাশপাশি কাজের গতিশীলতা বজায় রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, সব ধরনের কাজ দ্রুত নিষ্পত্তি করতে হবে। জনসেবার ক্ষেত্রে কোনোভাবেই দীর্ঘসূত্রতা কাম্য নয়।

আজ (মঙ্গলবার) সকালে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন রাজধানীর সাতরাস্তায় অবস্থিত ভূমি ভবন পরিদর্শন করেন। 

এসময় তার সঙ্গে ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. মাহমুদ হাসান; ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. এমদাদুল হক চৌধুরী এবং  প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আশ্রাফুল ইসলাম।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভূমি জাদুঘর, শিশু দিবাযতœ কেন্দ্র, সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং সেল, ভূমি সেবা কেন্দ্র এবং ভূমি সেবা কল সেন্টার রুম ঘুরে দেখেন। এসময় তিনি সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন।

কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় যারা নিয়োজিত আছেন, তারা সেবকের ভূমিকায় থাকবেন। ভূমির প্রকৃত মালিক সাধারণ মানুষের সহযোগিতায় সর্বদা নিবেদিত থাকবেন।

অফিসে নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি ও অফিস ত্যাগের জন্য সকলকে সচেতন হওয়ারও নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এছাড়া দপ্তরের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতিও গুরুত্বারোপ করেন।