শিরোনাম

ঢাকা, ২০ এপ্রিল ২০২৬ (বাসস) : সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বাংলাদেশ বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ এবং এই সমৃদ্ধ ঐতিহ্য আমাদের অহংকার। আমরা একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়তে চাই, যেখানে গ্রন্থাগারের ভূমিকা অনস্বীকার্য।
তিনি গ্রন্থাগারিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা হলেন সমাজের ‘মিশনারি’, যারা মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়ান। আমি অনুরোধ করব, গ্রন্থাগারগুলো যেন বদ্ধ ঘরে না হয়ে স্বচ্ছ কাঁচের দেয়ালের হয়, যাতে বাইরে থেকে বই পড়ার দৃশ্য দেখে মানুষ অনুপ্রাণিত হয়।
জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক/গ্রন্থাগার প্রতিনিধিদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন’ বিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার (ব্যাচ-৬৪) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আজ এসব কথা বলেন।
রাজধানীর জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব ও জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কানিজ মাওলা।
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এ এইচ এম সাখাওয়াত উল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মাদকের ভয়াবহতা রোধে বই পড়ার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী আরও বলেন, সমাজে মাদকের যে প্রকোপ বেড়েছে, তা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। শুধু পাঠ্যবই নয়, জীবনধর্মী ও শিক্ষামূলক বই পড়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি সচিব বলেন, প্রতিটি লাইব্রেরিতে শিশুদের জন্য আলাদা কর্নার থাকা উচিত।
আনন্দের সাথে শিশুরা যাতে বইয়ের সাথে যুক্ত হতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের গ্রন্থাগারিক ও উপ-পরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার।
উল্লেখ্য, এবারের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণে সারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৩২ জন গ্রন্থাগারিক অংশগ্রহণ করছেন।