শিরোনাম

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস) : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সৌদি আরবের সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি বলেন, ‘সৌদি আরব একটি ভ্রাতৃপ্রতিম দেশ এবং জনশক্তি রপ্তানির বাইরে বিশেষ করে জ্বালানি ও পর্যটন খাতে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।’ এ সময় তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে নতুন সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ অনুসন্ধানের আহ্বান জানান।
আজ সচিবালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহ’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে উভয়পক্ষ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, পর্যটন উন্নয়ন এবং বাংলাদেশের জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধিসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বস্ত অংশীদার।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট প্রক্রিয়া দ্রুততর করতে ইতোমধ্যেই একটি বিশেষ দল পাঠানো হয়েছে। পাসপোর্ট ইস্যুতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও তিনি কঠোর সতর্কবার্তা দেন।
রাষ্ট্রদূত আবিয়াহ স্বরাষ্ট্রমন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সৌদি আরবের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে সৌদি আরবে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে যাওয়ার আমন্ত্রণ জানান। মন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে জুলাই মাসের প্রথমার্ধে সম্ভাব্য সফরের ইঙ্গিত দেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।