শিরোনাম

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে তাঁর নাতনি ব্যারিস্টার জাইমা রহমান দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ গ্রহণ করেছেন।
স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা এবং রাষ্ট্রগঠনে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে মরণোত্তর এ সম্মাননা দেওয়া হয়।
আজ বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে মরহুমা খালেদা জিয়ার পক্ষে তাঁর নাতনি ব্যারিস্টার জাইমা রহমান পুরস্কারটি গ্রহণ করেন।
অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এ সময় প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান, খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্য, প্রধান বিচারপতি, কূটনীতিক, বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বছর সরকার বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে নিজ নিজ ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করে।
বাংলাদেশে ১৯৭৭ সালে স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করা হয়।