বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ১৫:২৩

কদমতলীর আগুনে মৃতদের স্মরণে শোক প্রকাশ করেছেন ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। ফাইল ছবি

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু রাজধানীর কদমতলী এলাকায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। 

আজ এক শোক বার্তায় তিনি এই ঘটনায় মৃতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। 

তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ইতোমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন এবং সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।

এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে ভবিষ্যতে অগ্নিকাণ্ড এড়াতে, তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

শনিবার দুপুর ১টা ১১ মিনিটের দিকে কদমতলীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে, সাতটি দমকল বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় জন প্রাণ হারিয়েছেন।