শিরোনাম

ঢাকা, ৩০ মার্চ, ২০২৬ (বাসস) : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে আজ সচিবালয়ে তার কার্যালয়ে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে।
বৈঠকে টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার, সেবার মান উন্নয়ন এবং চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ফকির মাহবুব আনাম বলেন, ‘স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় বর্তমান সেবার মান সন্তোষজনক। তবে বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সেবার ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত চুক্তি নবায়ন প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘টেলিযোগাযোগ খাতে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত স্বায়ত্তশাসন নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।’
ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সঙ্গে টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে বিদ্যমান সহযোগিতা অত্যন্ত ইতিবাচক। আমরা এ সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহী।’
পারস্পরিক আলোচনার মাধ্যমে চুক্তি নবায়ন সংক্রান্ত বিষয় দ্রুত নিষ্পত্তি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে জানানো হয়, সংশ্লিষ্ট স্যাটেলাইট সেবার চুক্তি নবায়ন বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক অগ্রগতি প্রত্যাশা করছে।
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং ফ্রান্স সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা এএফডি-এর কাট্রি ডাইরেক্টর সিনথিয়া মেলা উপস্থিত ছিলেন।