বাসস
  ৩০ মার্চ ২০২৬, ২১:০৫

পরিবেশ মন্ত্রীর সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

পরিবেশ মন্ত্রীর সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ। ছবি: পিআইডি

ঢাকা, ৩০ মার্চ, ২০২৬ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে আজ সচিবালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইয়ুন জিয়োংয়ের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের (বিসিডিপি) আদর্শ কাঠামো নির্ধারণ এবং এর মাধ্যমে জলবায়ু অর্থায়নের সম্ভাব্য কৌশল ও পদ্ধতি নির্ধারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশীয় ও আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অভিযোজন ও প্রশমন সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এক্ষেত্রে বিসিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং এডিবির সহযোগিতা কামনা করেন।

এডিবি কান্ট্রি ডিরেক্টর বলেন, বিসিডিপি জলবায়ু অর্থায়ন সংগ্রহে অংশীদারিত্ব জোরদার করা, নীতিগত সংস্কার ত্বরান্বিত করা, উদ্ভাবনী জলবায়ু প্রকল্প উন্নয়নে সক্ষমতা বৃদ্ধি করা এবং জ্ঞান বিনিময় সহজতর করার দায়িত্ব পালন করবে।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. রায়হান কাওছার এবং মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।