বাসস
  ২৮ মার্চ ২০২৬, ১৯:১৬
আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১৯:২০

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে কৃষিমন্ত্রীর শোক

দিলারা হাফিজ। ছবি ও কোলাজ : বাসস

ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

আজ শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজ ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শোকবার্তায় কৃষিমন্ত্রী বলেন, দিলারা হাফিজ একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ছিলেন। তার দীর্ঘ কর্মজীবনে দেশের শিক্ষা বিস্তার ও উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন দক্ষ ও দায়িত্বশীল অভিভাবককে হারিয়েছে।

মন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমবেদনা জানান।