শিরোনাম

ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে গোলযোগের ঘটনা তদন্তে সার্জেন্ট এট আর্মসের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
সম্ভাব্য অন্তর্ঘাতমূলক (সাবোটাজ) কোনো ঘটনা ঘটেছে কি না; তা খতিয়ে দেখতে এই কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ শনিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
চিফ হুইপ জানান, সংসদের সার্বিক নিরাপত্তা তদারকির দায়িত্বে থাকা সার্জেন্ট এট আর্মসের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি মূলত দুটি বিষয় যাচাই করবে- প্রথমত, শব্দযন্ত্রের গোলযোগের পেছনে কোনো অন্তর্ঘাতমূলক ঘটনা রয়েছে কি না; দ্বিতীয়ত, সাউন্ড সিস্টেমের প্রকৃত ত্রুটি কী এবং তা সমাধানের উপায় কী হতে পারে।
এদিকে প্রযুক্তিগত সমস্যার নিরপেক্ষ মূল্যায়নের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান চিফ হুইপ।
উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম দিনই শব্দযন্ত্রের বিভ্রাটের কারণে কার্যক্রমে বিঘ্ন ঘটে। সংসদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত রাখতে হয়। পরদিনের বৈঠকেও হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিরোধীদলীয় একজন সদস্য।
চিফ হুইপ আরও বলেন, সংসদ সদস্যদের মধ্যে হেডফোন নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে। বর্তমানে ব্যবহৃত বড় আকৃতির হেডফোন দীর্ঘ সময় ব্যবহারে অস্বস্তিকর হওয়ায় তা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে দ্রুত সমস্যা সমাধান করে সংসদের কার্যক্রম আরও নির্বিঘ্ন করা সম্ভব হবে।