শিরোনাম

পাবনা, ২৮ মার্চ, ২০২৬ (বাসস) : চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।
আজ দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন।
এ সময় পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস তাঁকে ফুল দিয়ে বরণ করেন।
উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন প্রমুখ।
পরে রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও সুধীজনের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটাই প্রথম রাষ্ট্রপতির নিজ জেলা পাবনা সফর।
তাঁর সফর ঘিরে ইতিমধ্যে পাবনার জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাষ্ট্রপতির প্রেস সচিব সরোয়ার আলম জানান, ২৯ মার্চ রবিবার সকাল ১১টা ১০ মিনিটে পাবনা সদর গোরস্থান আরিফপুরে গিয়ে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন।
এরপর সন্ধ্যা সাতটায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউজে ফিরে রাত্রি যাপন করবেন।
৩০ মার্চ সোমবার সকাল ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। একইদিন সন্ধ্যা সাতটায় পাবনা শহরে নিজ বাসভবনে যাবেন রাষ্ট্রপতি। রাত ৯টায় সার্কিট হাউজে ফিরে রাত্রি যাপন করবেন।
রাষ্ট্রপতি ৩১ শে মার্চ মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠে হেলিপ্যাডে উপস্থিত হয়ে হেলিকপ্টারযোগে ঢাকায় বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন।