বাসস
  ২৭ মার্চ ২০২৬, ১৮:০৩

জাতীয় চিড়িয়াখানার প্রায় ৭ একর জমি দ্রুত পুনরুদ্ধারের নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ মার্চ, ২০২৬ (বাসস) : বেদখল হওয়া জাতীয় চিড়িয়াখানার প্রায় ৭ একর জমি দ্রুত পুনরুদ্ধারের নির্দেশনা দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, বর্তমান বাজেটের মধ্যেই চিড়িয়াখানার দৃশ্যমান উন্নয়ন কাজ শুরু করতে হবে। 

আজ শুক্রবার রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে এসে তিনি এই নির্দেশনা  দিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, চিড়িয়াখানায় কোনো ধরনের অব্যবস্থাপনা রয়েছে কি না তা সরেজমিনে দেখতেই তিনি এসেছেন। যাতে প্রকৃত অবস্থা বোঝা যায়। পরিচ্ছন্নতা, বসার ব্যবস্থা ও দর্শনার্থীদের সুবিধা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা তিনি বলেন,  ‘নতুন কিছু প্রাণী আনার পরিকল্পনাও বর্তমান সরকারের রয়েছে।’

সকাল ১১টায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চিড়িয়াখানায় এসে সাধারণ দর্শনার্থীর মতো নিজেই টিকিট কেটে ভেতরে প্রবেশ করেন। 

প্রায় দুই ঘণ্টা অবস্থানকালে প্রতিমন্ত্রী বিভিন্ন প্রাণীর খাঁচা, প্রাণী চিকিৎসা কেন্দ্র ও ওষুধ সংরক্ষণাগার পরিদর্শন করেন। তিনি প্রাণী পুষ্টি শাখায় গিয়ে প্রাণীদের খাবারের মান ও পরিমাণ যাচাই করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে প্রাণীদের খাদ্য, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সার্বিক পরিচর্যার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবুবকর সরকার, চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার, কিউরেটর ডা. মো. আতিকুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।