শিরোনাম

ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে হতাহতের ঘটনা অনুসন্ধানে ৬ সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের শনাক্তকরণের লক্ষ্যে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে আহ্বায়ক করে তদন্ত কমিটি করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন— রাজবাড়ি জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, নৌ পুলিশের একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর একজন প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন প্রতিনিধি।
তদন্ত কমিটি সংঘটিত দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।