বাসস
  ২৬ মার্চ ২০২৬, ১৯:৫৮

স্বনির্ভর, নিরাপদ দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

ছবি : বাসস

ঢাকা, ২৬ মার্চ ২০২৬ (বাসস) : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন স্বনির্ভর. নিরাপদ ও কর্মমুখর বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আমরা এখন সামনের দিকে তাকাতে চাই। সেক্ষেত্রে সবার জন্য নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।

প্রতিমন্ত্রী আরো বলেন, স্বাধীনতার ঘোষণায় ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার-এ তিনটির কোনটিই অর্জিত হয়নি বরং নানা ধরনের অন্যায় অবিচার হয়েছে। তবে সব কিছুর পরও এখনো হতাশ হতে চায় না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, রাজনীতি বিশ্লেষক ও রাজনৈতিকরা। তিনি বলেন, আমরা মনে করি ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর ১২ ফেব্রুয়ারি একটা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের বুকে স্বাধীন দেশ হিসেবে অস্তিত্ব ঘোষণার আজ ৫৫ বছর। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস হিসেবে বাংলাদেশ আজ বিশ্বের কাছে অবিস্মরণীয়। 

তিনি বলেন, সেই ঘোষণার পথ ধরেই ত্রিশ লাখ শহীদ, অগণিত মা-বোনের সম্ভ্রমহানি এবং বীর সন্তানদের লড়াই সংগ্রামে অর্জিত হয়েছে সবুজ-শ্যামল এই বাংলাদেশ। ১৯৭১ সালের এ দিনেই দীপ্ত শপথে বাঙালি জানান দিয়েছিল এ দেশ আমাদের। 

প্রতিমন্ত্রী বলেন, আজকের এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, সেসব অগণিত শহীদের কথা, যাদের রক্তে রঞ্জিত হয়ে জন্ম নিয়েছিল বাংলাদেশ। আত্মত্যাগের সেই ঋণ কখনো শোধ হওয়ার নয়। 

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বাংলাদেশ শিশু একাডেমির দায়িত্বে) মোছা. আরজু আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শিশু ও সমন্বয়) শবনম মোস্তারী।  

এ ছাড়া, দুইজন শিশু শিল্পী জাইমা তাসরিন ও রায়হান মাহমুদও বক্তব্য রাখেন।

পরে প্রতিমন্ত্রী বিজয়ী শিশুদের মধ্যে ক্রেস্ট ও সনদ প্রদান করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।