বাসস
  ২৫ মার্চ ২০২৬, ২৩:৩১

মন্ত্রিপরিষদের দায়িত্ব পুনর্বণ্টন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী পেলেন নতুন মন্ত্রণালয়

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : মন্ত্রিপরিষদের দায়িত্ব পুনর্বণ্টন করে নতুন গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী পেয়েছেন নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব।

আজ বুধবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রিপরিষদের দায়িত্ব ও পুনর্বন্টনের এ তথ্য জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের, ৪ মার্চ ২০২৬ তারিখের এবং ১২ মার্চ ২০২৬ তারিখের প্রজ্ঞাপনমূলে প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রিদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন/পুনর্বণ্টন করা হয়।

প্রধানমন্ত্রী  রুলস অফ বিজনেস ১৯৯৬ এর  রুল ৩ এর ৪ অনুযায়ী মন্ত্রী/প্রতিমন্ত্রীর দায়িত্ব নিম্নরূপে পুনর্বণ্টন করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে।

অর্থাৎ প্রতিমন্ত্রী আব্দুল বারী এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়েরও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।