বাসস
  ২৫ মার্চ ২০২৬, ২২:১২

রাজশাহীবাসী আরো পরিচ্ছন্ন ও আধুনিক নগরী উপভোগ করবেন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ছবি: বাসস

রাজশাহী, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রাজশাহী ইতোমধ্যে দেশের অন্যতম পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে পরিচিতি লাভ করেছে। ভবিষ্যতে এ নগরীকে আরো আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলা হবে।

আজ বিকেলে নগর ভবনের সিটি হলরুমে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীর উন্নয়ন কার্যক্রম ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য অনুসরণযোগ্য মডেল। দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা এখানে এসে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

তিনি জানান, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী প্রদান এবং খাল খনন কার্যক্রম চলমান রয়েছে। আগামী অর্থবছর থেকে এসব কর্মসূচি আরো বৃহৎ পরিসরে বাস্তবায়ন করা হবে।

মীর শাহে আলম বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরো আধুনিক ও কার্যকর করতে হবে। উন্নত দেশগুলোর মতো বর্জ্য থেকে গ্যাস ও জৈব সার উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি চলমান প্রকল্পের পাশাপাশি নতুন জরুরি প্রকল্প গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্কুল ছুটির পর মাঠ সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 

এছাড়া দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। এছাড়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহম্মেদ আল মঈন এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন বক্তব্য রাখেন।

রাসিক সচিব সোহেল রানার সঞ্চালনায় সভায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিল্লুর রহমান, সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী সকালে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান রাসিক প্রশাসক। 

পরে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর এলাকায় নির্মাণাধীন একটি সেতু পরিদর্শন করেন।