শিরোনাম

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : বাংলাদেশে সার ও বীজ সরবরাহের পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণেও রাশিয়া আগ্রহ প্রকাশ করেছে। একই সাথে কৃষি খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় দেশটি।
আজ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সাক্ষাৎ করে এ আগ্রহ প্রকাশ করেন।
এসময় কৃষি সচিব রফিকুল ই মোহামেদ ও রাশিয়ান দূতাবাসের প্রথম সচিব আনাস্তাসিয়া নেমোভা উপস্থিত ছিলেন।
রাশিয়ার রাষ্ট্রদূত এসময় বাংলাদেশ থেকে রাশিয়া নিয়মিতভাবে আলুসহ বিভিন্ন কৃষি পণ্য আমদানি করে থাকে বলে জানান। মন্ত্রী এ বিষয়ে রাশিয়ার সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করে বলেন, রাশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। প্রায় ৫০ বছরেরও অধিক সময় ধরে দেশের কৃষি, প্রযুক্তিসহ নানা খাতে রাশিয়া সহযোগিতা করে আসছে।
বাংলাদেশে নন ইউরিয়া সার বিশেষত এমওপি সারের একটি বড় অংশ রাশিয়া থেকে আমদানি করা হয়। ভবিষ্যতেও এ সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে মন্ত্রী রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন।
পাশাপাশি মন্ত্রী বাংলাদেশ থেকে আলু, আম, শসা ও প্রক্রিয়াজাত খাবারের আমদানি বাড়াতে রাশিয়াকে আহ্বান জানান।