বাসস
  ২৫ মার্চ ২০২৬, ২০:২৭

দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রী নিয়ে বাস পদ্মায় ডুবে গেছে

ছবি : বাসস

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬(বাসস) : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাজবাড়ী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের ওই যাত্রীবাহী বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নদীর ৩০ ফুট গভীরে তলিয়ে যায়।

আজ বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় দুর্ঘটনার কবলে পড়ে। 

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম আজ বাসসকে এ তথ্য জানান। 

তিনি বলেন, দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রী নিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। 

তালহা বিন জসিম জানান, গোয়ালন্দ ফায়ার স্টেশনের ১টি ইউনিট এবং আরিচা ফায়ার স্টেশনের ১টি ডুবুরি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। ঢাকা ও ফরিদপুর থেকে আরো ২টি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। 

স্থানীয় ও বেঁচে যাওয়া বাসের আরোহীদের তথ্যানুযায়ী, ওই বাস থেকে ৭ জন যাত্রী শুরুতেই বের হতে পেরেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানির নিচে বাস শনাক্ত করেছে। বিআইডব্লিউটিএ এর উদ্ধারকারী যান ‘হামজা’র সহযোগিতায় বাসটি উত্তোলনের চেষ্টা চলছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।