শিরোনাম

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬(বাসস): ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা কোনো দয়া বা আপসের মাধ্যমে অর্জিত নয়; বরং রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়েই তা ছিনিয়ে আনা হয়েছে। তাই স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা অত্যন্ত জরুরি।
আজ বুধবার রাজধানীর বেইলি রোডে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৪৭ সালের পর থেকেই পূর্ব পাকিস্তানের জনগণের ওপর ধারাবাহিক বৈষম্য চাপিয়ে দেওয়া হয়।
ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের নির্বাচন সবই ছিল বাঙালির স্বাধীনতার পথে অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ ধাপ। কিন্তু রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর বর্বর গণহত্যা চালায়।
তিনি উল্লেখ করেন, সেদিন রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হলসহ বিভিন্ন স্থানে নির্বিচারে হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালানো হয়, যা জাতির ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত।
নিজের স্মৃতিচারণে আব্দুস সালাম বলেন, ছাত্রজীবনেই তিনি মুক্তিযুদ্ধের প্রস্তুতির সঙ্গে যুক্ত হন।
অস্ত্রের অভাব থাকা সত্ত্বেও ছাত্ররা বিভিন্নভাবে প্রতিরোধের প্রস্তুতি নেয়। এমনকি স্কুলের ল্যাব থেকে রাসায়নিক সংগ্রহ করে বোমা তৈরির চেষ্টা পর্যন্ত করা হয়। ২৫ মার্চের সেই ভয়াবহ হত্যাযজ্ঞ প্রত্যক্ষ করার পরই তিনি শপথ নেন- দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার পরও দেশের মানুষের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। নতুন প্রজন্মকে দেশপ্রেম, মেধা ও সৎ নেতৃত্বের সমন্বয়ে দেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই দেশ স্বাধীন করেছি আমরা, আর এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব তরুণ প্রজন্মের।’
দেশকে এগিয়ে নিতে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের সংস্কৃতি, মানুষ ও ঐতিহ্যকে ধারণ করতে হবে। একই সঙ্গে মেধা পাচার বন্ধ করে দেশের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান তিনি। তার মতে, মেধা ও দেশপ্রেম একসাথে কাজ করলে বাংলাদেশ আরও দ্রুত অগ্রসর হবে।
অনুষ্ঠানে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধের সংগঠকদের স্মরণ করেন।
সভা শেষে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডিএসসিসি প্রশাসক।