শিরোনাম

বান্দরবান, ২৫ মার্চ, ২০২৬ (বাসস): ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বান্দরবানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক শামীম আরা রিনি।
এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ফয়জুর রহমান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্তসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভয়াল ২৫ মার্চ মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। ১৯৭১ সালের এই দিনে বর্বর পাকিস্তানি বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালির ওপর নৃশংস হামলা চালায়। তারা অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা সংঘটিত করে। এ দিনটি বাঙালির জীবনে এক বিভীষিকাময় কালরাত্রি হিসেবে চিহ্নিত হয়ে আছে।
বক্তারা আরও বলেন, ২৫ মার্চের সেই কালরাত্রিতে শহীদ হওয়া সকলের প্রতি জাতি চিরঋণী। তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।
আলোচনা সভার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে গণহত্যা দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।