বাসস
  ১৭ মার্চ ২০২৬, ২০:৪৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত  

টাঙ্গাইল, ১৭ মার্চ ২০২৬ (বাসস) : জেলার ধনবাড়ী উপজেলায় আজ বাস এবং সিএনজি-চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ তিন জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে ধনবাড়ির পৌরসভার নল্লা গ্রামীন ব্যাংক অফিসের নিকটে নলহরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মুহাম্মদ আলীর ছেলে আলী আকবর (৫০), জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাঙ্গালী পাড়া গ্রামের মৃত তোরাপ আলী ছেলে উমর ফারুক (৪৫) ও একই উপজেলার বাউসী পপুলার নিবাসী খোকন (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার নল্লা গ্রামীণ ব্যাংকের নিকটে নলহরা গ্রামে জামালপুর থেকে ধনবাড়ীগামী একটি বাসের সাথে একটি সিএনজি- চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। এরপর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। নিহতদের মধ্যে দু’জন একটি সিএনজি-চালিত অটোরিকশার যাত্রী। 

ঘটনা নিশ্চিত করে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, নিহত তিনজনের পরিচয় সনাক্ত করা গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্ত করা হবে।