শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ১৭ মার্চ ২০২৬ (বাসস): জেলার শিবগঞ্জ উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় মো. জুনায়েদ হোসেন (আড়াই বছর) নামের এক শিশু নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মো. জুনায়েদ হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামের সানাউল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দুইটার দিকে কানসাটগামী অটোর সাথে বিপরীত দিক থেকে আসা কাঠ বোঝাই ভটভটির (শ্যালো ইঞ্জিন চালিত যান) সাথে মুখোমুখি সংঘর্ষে শিশু জুনায়েদ সহ সাতজন গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক শিশু জুনায়েদ হোসেনেকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।