শিরোনাম

ঝিনাইদহ, ১৭ মার্চ ২০২৬ (বাসস): জেলার কালীগঞ্জ উপজেলায় আজ সড়ক পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফাতেমা খাতুন (০৫) নামের এক শিশু নিহত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু ফাতেমা খাতুন নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
নিহত ফাতেমা জেলার মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের শামীম হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের শামীম হোসেনের মেয়ে শিশু ফাতেমা খাতুন মঙ্গলবার দুপুরে নানাবাড়ী কালীগঞ্জ উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামে যায়। নানার বাড়ির সামনে গাড়ি থেকে নেমে দৌঁড়ে রাস্তা পার হতে গিয়ে শিশু ফাতেমা খাতুন ট্রাকের চাকায় পিষ্ট হয়। এসময় স্থানীয়রা শিশু ফাতেমাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।