বাসস
  ১৭ মার্চ ২০২৬, ১৭:০৯

কুষ্টিয়ায় চোরাচালানী পণ্য জব্দ করেছে বিজিবি 

কুষ্টিয়া, ১৭ মার্চ ২০২৬ (বাসস): মাদক ও চোরাচালান বিরোধী অভিযানকালে বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার ও গতকাল সোমবার কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালিকবিহীন ভারতীয় পণ্য উদ্ধার করে। 

আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি সূত্রে জানা যায়, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার কাথুলী, শুভরাজপুর, চিলমারী, রংমহল, রামকৃষ্ণপুর, আশ্রায়ন ও মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী বিরোধী অভিযান পরিচালনা করা হয়।এসময় পরিত্যক্ত অবস্থায় ৫ হাজার ২২০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪ হাজার ২৫০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২৩ বোতল মদ এবং ২১৪ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ২৮ লাখ ৮৭ হাজার ২৭০ টাকা।

বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে তারা কঠোর অবস্থানে রয়েছে।