বাসস
  ১৭ মার্চ ২০২৬, ১৬:২৭

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মেহেরপুর, ১৭ মার্চ, ২০২৬ (বাসস) : মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মাইলমারী গ্রামের আকাশ আলীর ৪ বছর বয়সী শিশু পুত্র ইউসুফ আলী এবং তার প্রতিবেশী আব্বাস আলীর ৩ বছর বয়সী শিশু পুত্র আদিব হোসেন একসঙ্গে খেলছিল।
বাড়ির মধ্যে খেলতে খেলতে পরিবারের অগোচরে পার্শ্ববর্তী পুকুরে চলে যায় তারা। পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে পুকুরে সন্ধান চালায়। এক পর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক আহম্মেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।