শিরোনাম

মুন্সীগঞ্জ, ১৭ মার্চ, ২০২৬ (বাসস) : আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে দক্ষিণাঞ্চলের ২৯ জেলার যাত্রীরা ঢাকা-মাওয়া মহাসড়কে পদ্মা সেতু দিয়ে যানজট মুক্ত পরিবেশে পরিবারের সাথে ঈদ করতে বাড়ি ফিরছেন।
আজ মঙ্গলবার সকাল থেকে গাড়ির অতিরিক্ত কোন চাপ নেই। রাত ১২ টা থেকে আজ দুপুর ২ টা পর্যন্ত ১৪ ঘন্টায় মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মোটর সাইকেলসহ ২৪ হাজার ১৭৯ টি গাড়ি পার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৫৫ লাখ ৬৩ হাজার ৭ শত টাকা।
দক্ষিণাঞ্চলের ২৯ জেলার ঘরমুখো মানুষ নির্বিঘ্নে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরছেন। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল প্লাজায় দ্রুত টোল পরিশোধ করে মোটর সাইকেল, যাত্রীবাহী বাস পদ্মা সেতু পারি দিচ্ছে।
পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বাসসকে জানান, ঈদ ছুটির প্রথম দিন হওয়ায় সকালে কিছুটা চাপ থাকলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। গাড়ির চাপ বেশি হলে তা সামাল দেবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। গত ১৪ ঘন্টায় মাওয়া এবং জাজিরা প্রান্ত দিয়ে মোটর সাইকেলসহ ২৪ হাজার ১৭৯ টি গাড়ি পার হয়েছে।
তিনি আরো জানান, টোল আদায় হয়েছে ২ কোটি ৫৫ লাখ ৬৩ হাজার ৭ শত টাকা। টোল পরিশোধ সহজ করতে ঈদ উপলক্ষে উত্তর প্রান্তে বড় গাড়ির জন্য অতিরিক্ত ২ টিসহ ১০ টি বুথ খোলা হয়েছে এবং মোটর সাইকেলের জন্য অতিরিক্ত ২ টিসহ ৩ টি লেন খোলা হয়েছে।