বাসস
  ১৭ মার্চ ২০২৬, ১৫:০৪

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনা একই পরিবারের তিনজন নিহত

লালমনিরহাট, ১৭মাচর্, ২০২৬ (বাসস) : জেলার পাটগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরেক শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার মির্জাকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শরিফুল ইসলাম (৩৫), তার স্ত্রী এবং তাদের এক পুত্র সন্তান। তাদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। শরিফুল ইসলাম পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন এবং পরিবারসহ সেখানেই বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে শরিফুল ইসলাম স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথে মির্জাকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছেলে শিশুটি নিহত হয় এবং বাবা-মাসহ অপর শিশু গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম ও তার স্ত্রীকে মৃত ঘোষণা করেন। আহত কন্যা শিশুকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মরদেহগুলো স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদে বাড়ি ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর বেদনা বিরাজ করছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৪৫৮/এমএসআর