বাসস
  ১৬ মার্চ ২০২৬, ২০:২১

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 

লক্ষ্মীপুর, ১৬ মার্চ ২০২৬ (বাসস): জেলার রায়পুর উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ উল্লাহর (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের জোড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ উল্লাহ জেলার রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের সুকুন আলী বেপারি বাড়ীর মৃত আবদুর রশীদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের জোড়পুল এলাকায় ইসলামি ব্যাংকের এজেন্ট শাখায় বিদ্যুৎ বিল দিয়ে বাড়ি ফিরছিলেন মোহাম্মদ উল্লাহ। পথিমধ্যে বাড়ীর কাছাকাছি পৌঁছালে বেপরোয়া গতির একটি অটোরিকশা পেছন থেকে সজোরে তাকে ধাক্কা দেয়। এতে পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মোহাম্মদ উল্লাহর মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশা জব্দ এবং চালককে আটক করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন আলম জানান, অভিযুক্ত অটোরিকশা চালক রিয়াজ হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে।