শিরোনাম

মেহেরপুর, ১৬ মার্চ ২০২৬ (বাসস) : জেলায় আজ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের জন্য ব্যতিক্রমধর্মী ঈদ কার্ড আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত এ প্রতিযোগিতা উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আনন্দঘন পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে শিশুশ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত প্রায় একশ’ শিশু অংশগ্রহণ করে। রঙ-তুলি ও কল্পনার মিশেলে ছোট্ট শিল্পীরা তাদের নিজস্ব ভাবনায় ফুটিয়ে তোলে ঈদের আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির ছবি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতীম শীল ও সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।
প্রতিযোগিতা চলাকালে শিশুদের আঁকা রঙিন ঈদ কার্ডে ভরে ওঠে পুরো আয়োজনস্থল। অভিভাবক ও আয়োজকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।