বাসস
  ১৬ মার্চ ২০২৬, ১৬:৫০

মুন্সীগঞ্জে নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

 মুন্সীগঞ্জ, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জে মেঘনার শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র আবির হোসেনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আবির হোসেন সদর উপজেলার সৈয়দপুর এলাকার মো. আক্তার হোসেনের ছেলে। সে মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শেণির ছাত্র ছিল।

পুলিশ জানায়, আবির হোসেন গতকাল রবিবার দুপুরে ৩ বন্ধুর সঙ্গে নলবুনিয়াকান্দি গুদাড়াঘাট এলাকায় মেঘনার শাখা নদী রজত রেখা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তিন বন্ধু সাতরিয়ে তীরে উঠতে পারলেও আবির নদীতে নিখোঁজ হয়। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

আজ সকালে ডুবুরি দল প্রায় ২০ ফুট পানির নিচ থেকে আবিরের মরদেহ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম জানান, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।