বাসস
  ১৬ মার্চ ২০২৬, ১৫:৩৭

ঈদকে ঘিরে লালমনিরহাটে জমজমাট কেনাকাটা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে লালমনিরহাটে ঈদ বাজারে ক্রেতাদের ভিড়। ছবি: বাসস

\ বিপুল ইসলাম \

লালমনিরহাট, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে লালমনিরহাটে ঈদ বাজারে ক্রেতাদের ভিড় লক্ষণীয়ভাবে বেড়েছে। সকাল থেকেই শহরের বিভিন্ন মার্কেট ও শপিংমলে নতুন পোশাকসহ প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য মানুষ ছুটে আসছেন।

সরেজমিনে দেখা যায়, পুরুষ, নারী ও শিশুদের জন্য আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি কসমেটিকস, জুতা, গহনা ও ঘর সাজানোর সামগ্রী ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দু। ব্যাংক কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ে ছাড় ও ক্যাশব্যাক সুবিধা থাকায় কেনাকাটায় উৎসাহ আরও বেড়েছে।

টুপির দোকান, আতর ও জায়নামাজের দোকানেও ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেকেই পরিবারের সদস্য বা আত্মীয়স্বজনের জন্য এসব পণ্য কিনছেন। মুদির দোকানগুলোতেও চাল, ডাল, চিনি, ছোলা, তেল, মসলা ও সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা।

সিটি গার্মেন্টসের বিক্রয়কর্মী সুমন হাসান বলেন, রোজার শুরু থেকেই মার্কেটগুলোতে ভিড় বেড়েছে। মেসার্স নরসিংদী বস্ত্রালয়ের বিক্রেতা তহুল ইসলাম জানান, ক্রেতাদের চাহিদা অনুযায়ী কাপড় মজুত থাকায় এবারের বিক্রি সন্তোষজনক। 

কাজী ফ্যাশনের বিক্রয়কর্মীরা আরও জানান, ইফতারের পর ভিড় বাড়ে এবং সুতি ও আরামদায়ক কাপড়ের শার্ট, টি-শার্ট ও প্যান্টের চাহিদা বেশি।

ঈদকে সামনে রেখে দর্জির দোকানগুলোতেও কাজের চাপ বেড়েছে। মিম টেইলার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ মিটু মিয়া জানান, রোজার কয়েকদিন আগে থেকেই অর্ডার নেওয়া শুরু হয়েছে এবং কাজের চাপ বাড়লেও মজুরি স্বাভাবিক রাখা হয়েছে।

ক্রেতা আব্দুল হালিম চাঁদ বলেন, আগের তুলনায় পোশাকের দাম কিছুটা বেশি। অপর ক্রেতা সুইটি আক্তার জানিয়েছেন, পরিবারের জন্য আগেভাগেই কেনাকাটা করছেন, তবে কিছু ক্ষেত্রে ব্যবসায়ীরা বেশি দাম নিচ্ছেন।

ঈদ উপলক্ষে শহরের বাজার এলাকায় সিএনজি ও অটোরিকশার কারণে যানজটের সৃষ্টি হয়েছে, যা ক্রেতা ও পথচারীদের ভোগান্তি বাড়িয়েছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মতিন বলেন, মার্কেট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ছোটখাটো অপরাধ প্রতিরোধে সাদা পোশাকেও পুলিশ দায়িত্ব পালন করছেন।